বেশ কিছু দিন ধরেই ভূতুড়ে বিদ্যুত্ বিলের বিষয়টি আলোচনার বিষয়। এই করোনাকালে সাধারণ মানুষ এমনিতেই তাদের দৈনন্দিন খরচ সামলাতে হিমশিম খাচ্ছে। অনেকে তো আয়-ব্যয়ের সমন্বয় করতে না পেরে বাধ্য হয়ে শহর ছেড়ে গ্রামে ফিরে যাচ্ছে। এই সংকটময় পরিস্থিতিতে রাষ্ট্রীয় বিদ্যুত্ বিতরণকারী বিভিন্ন সংস্থা চরম অসততা, অমানবিকতা ও দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। জানা যায়, তারা পারফরম্যান্স বোনাস হাতিয়ে নিতে ইচ্ছাকৃতভাবে গ্রাহকদের প্রকৃত বিদ্যুত্ বিলের পরিবর্তে কয়েকগুণ বেশি বিদ্যুত্ বিল তৈরি করেছে। আমরা জানি, বিদ্যুত্ বিভাগ বা বিতরণ সংস্থাগুলোর বিদ্যুত্ সেবার মূল্য নির্ধারণ করার এখতিয়ার নেই। গণশুনানির মাধ্যমে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এটি নির্ধারণ করে থাকে। তাই এই অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত প্রত্যেককে জবাবদিহিতার আওতায় এনে অপরাধের ধরন অনুযায়ী উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হোক। তাহলে গ্রাহকরা এই বিড়ম্বনা থেকে মুক্তি পাবে এবং সরকারি প্রতিষ্ঠানের প্রতি তাদের আস্থা বাড়বে।
মো. সাকিবুল হাসান সজীব
মিরপুর, ঢাকা