দৌলতদিয়া ফেরিঘাটে দালালচক্রের দৌরাত্ম্য

সম্প্রতি প্রতারক দালালচক্র বেপরোয়া হয়ে উঠেছে। বাসস্ট্যান্ডে, লঞ্চে, ফেরিঘাটে তাদের দৌরাত্ম্য বেশি। পাটুরিয়া-রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাটে এরা সবসময় ওতপেতে বসে থাকে কীভাবে সাধারণ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা যায়। যেখানে ভাড়া ২৫ টাকা, সেখানে নেওয়া হচ্ছে ৩০ টাকা; আবার ফেরি পার হয়ে যাঁরা খুলনা-যশোর-ফরিদপুর যাওয়া-আসা করেন—তাঁদের কাছ থেকেও অতিরিক্ত ভাড়া নেওয়া হয় দালালদের মাধ্যমে। দৌলতদিয়া ঘাট থেকে ফরিদপুর ভাড়া ৫০ থেকে ৬০ টাকা, সেখানে যাত্রীদের দিতে হচ্ছে ১০০ টাকা। এর প্রতিবাদ করতে গেলে দালালচক্রের লোকেরা যাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে। এদের প্রতিহত করা প্রয়োজন। এজন্য স্থানীয় পুলিশ ও উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. ইয়ামিন খান

ফরিদপুর