আড়াইহাজারে বিয়ের প্রলোভনে গার্মেন্ট শ্রমিককে ধর্ষণ

মামলা না করতে প্রভাবশালীদের চাপ

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

আড়াইহাজারে বিয়ের প্রলোভনে গার্মেন্টস শ্রমিক এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার গোপালদী পৌরসভার জালাকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় প্রভাবশালী মহল আপসরফার জন্য ভুক্তভোগীকে চাপ দিচ্ছে।

নির্যাতনের শিকার ঐ নারী জানান, তিনি একই এলাকার মশারি প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। তারই সহকর্মী উপজেলার ফতেহপুর ইউনিয়নের ব্রা?হ্মণপাড়া গ্রামের রেজেক মিয়ার ছেলে শরীফ। সেই সুবাধে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। দুই বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক চলে আসছিল। এরই মধ্যে ঘুরতে যাওয়ার কথা বলে তাকে বিশনন্দী এলাকায় নিয়ে একাধিকবার ধর্ষণ করে কথিত প্রেমিক। ফলে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

ভুক্তভোগীর ভাষ্য মতে, এক পর্যায়ে বিষয়টি জানার পর তাকে গর্ভপাতের জন্য চাপ দেয় শরীফ । প্রথমে রাজি না হলেও বিয়ের শর্তে পরে তিনি গর্ভপাত করান। এ ঘটনার পর বিয়ে তো দূরের কথা তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় কথিত প্রেমিক। উপায়ান্তর না দেখে থানায় মামলা করার প্রস্তুতি নেন ভুক্তভোগী । তারই পরিপ্রেক্ষিতে শরীফ মামলা না করার জন্য তাকে চাপ দিচ্ছে প্রভাবশালীদের মাধ্যমে। ভুক্তভোগী আরো জানান, তিনি এই বিষয়ে গত ২৫ আগস্ট আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ দিলেও গতকাল বিকাল পর্যন্ত তা মামলা হিসেবে রেকর্ড হয়নি। ফলে তিনি আতঙ্কে রয়েছেন। তিনি ন্যায়বিচার দাবি করেন। এদিকে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, অভিযোগকারী বিষয়টি নিয়ে আপসরফার জন্য দুই দিনে সময় নিয়েছেন।