বেগম জিয়াকে দ্বিতীয়বার কারামুক্তি প্রধানমন্ত্রীর নজিরবিহীন মহানুভবতা —তথ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বেগম জিয়াকে দ্বিতীয় বার কারামুক্তি দেওয়া প্রধানমন্ত্রীর নজিরবিহীন মহানুভবতা। অন্যদিকে ধন্যবাদের সংস্কৃতি লালন করে না বলে বিএনপি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতেও ব্যর্থ হয়েছে।’ তথ্যমন্ত্রী গতকাল তথ্যমন্ত্রীর সরকারি বাসভবনে টেলিভিশন শিল্পী, কলাকুশলীদের বিভিন্ন সংগঠনের জোট ‘ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও)’ নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, টিআরপি ব্যবস্থাকে নিয়ম-নীতির মধ্যে আনতে তিন মাস আগ থেকে তথ্য মন্ত্রণালয় কাজ শুরু করেছে। এফটিপিও আহ্বায়ক নাট্যকার মামুনুর রশীদের নেতৃত্বে সংগঠনের শীর্ষ নেতাদের মধ্যে সালাহউদ্দীন লাভলু, নাসিম, এজাজ মুন্না, এস এ হক অলীক, সাজু খাদেম, ইরেশ যাকের, গাজী রাকায়েত এবং আনজাম মাসুদ বৈঠকে অংশ নেন। মন্ত্রী বলেন, ‘শিল্পীদের জন্য একটি শিল্পী কল্যাণ ট্রাস্ট আছে। সেটি পরিচালনার দায়িত্ব সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের। এরই মধ্যে প্রধানমন্ত্রী চলচ্চিত্র শিল্পীদের জন্য চলচ্চিত্র শিল্পী ট্রাস্ট গঠন করেছেন। এই দুই ট্রাস্ট থেকে টেলিভিশন শিল্পীরাও কীভাবে সহায়তা পাবেন সেটা নিয়েও আমরা কাজ করছি।’