সভ্য সমাজে এমন বর্বর হামলা মেনে নেওয়া যায় না —জি এম কাদের

ইউএনওকে হত্যা চেষ্টা

ইত্তেফাক রিপোর্ট

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সভ্য সমাজে এমন বর্বর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এমন জঘন্য হামলার ঘটনা যেন আর না ঘটে সেজন্য সচেতন থাকতে হবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের। এ হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রশাসনিক কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে। গতকাল তিনি তার বনানী কার্যালয়ে দলের অতিরিক্ত মহাসচিবদের সঙ্গে এক সভায় একথা বলেন। সভায় জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, অতিরিক্ত মহাসচিব গোলাম কিবরিয়া টিপু, সাহিদুর রহমান টেপা, শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম, এটিইউ তাজ রহমান, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, রেজাউল ইসলাম ভূঁইয়া ও লিয়াকত হোসেন খোকা এমপি।