ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পুলিয়া বাজারে শনিবার বিকালে ফরিদপুর-৪ আসনের এমপি নিক্সন চৌধুরীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে যোগদান সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এমপি নিক্সন চৌধুরী বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন দিয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে রোল মডেল হিসাবে পরিচিত করেছেন। আমি তার আশীর্বাদ পুষ্ট হয়ে ফরিদপুর-৪ আসনের জনগণ ও আমার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আমার এলাকায় ব্যাপক উন্নয়ন দিয়ে দেশের মধ্যে মডেল আসন হিসেবে রূপ দিয়েছি। আগামী দিনেও জনগণকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়নের স্বার্থে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করব। আজ ফরিদপুর-৪ আসনের সঠিক উন্নয়ন ও মূল্যায়ন দেখে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহর এক সময়ের সমর্থিত শতাধিক নেতাকর্মী আমার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। আমি বিশ্বাস করি, উন্নয়নের ছায়াতলে সকলেই একত্রিত হবে ইনশাল্লাহ।
চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন খালাশির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত্ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, আওয়ামী লীগ নেতা এ্যাপোলো নওরোজ ও ওবায়দুর রহমান মামুন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই ফরিদপুর-৪ আসনের এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সনের হাতে ফুল দিয়ে যোগ দেন আজিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শরীফ সাঈদুজ্জামান, কালামৃধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম খলিফা ও যুবলীগের সভাপতি মামুন সিকদার।