স্টাফ রিপোর্টার, রংপুর
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি উপজেলা যুবলীগের বহিষ্কৃত সদস্য আসাদুল হককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রংপুর র্যাব-১৩-এর কার্যালয়ে হঠাত্ সে অসুস্থ হয়ে পড়ে। তাত্ক্ষণিক তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ কারণে র্যাবের সংবাদ সম্মেলনে অপর দুই আসামিকে হাজির করা হলেও আসাদুলকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়নি।
গতকাল শনিবার সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ফরিদুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, আসাদুল হকের শ্বাসকষ্ট থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার দিবাগত রাত ৩টার দিকে দুর্বৃত্তরা ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বরে ইউএনও ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে প্রবেশ করে। হত্যার উদ্দেশ্যে তারা ইউএনও ও তার বাবাকে হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। আটক আসাদুল র্যাবের কাছে চুরির উদ্দেশ্যে ইউএনওর ওপর হামলার কথা স্বীকার করেছে।