প্রতি উপজেলায় শিশু মনোবিদ নিয়োগের চিন্তা

ইত্তেফাক রিপোর্ট

করোনা দুর্যোগে শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত শিক্ষার্থীদের সহায়তায় দেশের প্রত্যেক উপজেলায় এক জন করে চাইল্ড সাইকোলজিস্ট বা শিশুমনোবিদ নিয়োগ দেওয়ার বিষয়ে  চিন্তা করছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল শনিবার সিআরআই এবং ইয়ং বাংলার আয়োজনে লেটস টক অন ইয়ুথ এডুকেশন অ্যান্ড স্কিলস  শীর্ষক এক অনলাইন আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন,  আমাদের যুব সমাজ খুবই সংবেদনশীল। তাদের মনে প্রতিনিয়ত বিভিন্ন রকমের প্রশ্নের জন্ম নেয়। পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে তারা বিভিন্নভাবে হয়রানিরও শিকার হয়। এইজন্য তার বিভিন্ন রকমের মানসিক সমস্যায় ভোগে। ফলে অনেক সময় তারা আত্মহত্যার পথ বেছে নেয়। বিশেষ করে কোভিড নাইনটিনের কারণে শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত।

এ সবকিছু বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয় দেশের প্রত্যেক উপজেলায় এক জন করে চাইল্ড সাইকোলজিস্ট  নিয়োগ দেওয়ার বিষয়ে  চিন্তা করছে। চাইল্ড সাইকোলজিস্ট  প্রত্যেক স্কুলে একজন শিক্ষক ও একজন শিক্ষিকাকে মানসিক সমস্যা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবে যেন শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের বিভিন্ন মানসিক সমস্যা কাউন্সিলিংয়ের মাধ্যমে সমাধান করতে পারে। প্রাথমিক পর্যায়ে প্রত্যেক জেলায় এক জন করে চাইল্ড সাইকোলজিস্ট  নিয়োগ করা হবে। পরবর্তীতে প্রত্যেক উপজেলায় একজন করে চাইল্ড সাইকোলজিস্ট  নিয়োগ করা হবে।

আলোচনায় আরো যুক্ত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল  ইসলাম খানসহ অনেক তরুণ উদ্যোক্তা ও শিক্ষার্থী।