নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে এক মাস আগে অপহূত হওয়া আবদুল আজিজকে উদ্ধার করেছে নারায়ণগঞ্জ পিবিআই। গ্রেফতার করেছে ৩ অপহণরকারী লিপি আক্তার, রবিন ও সুমনকে। গতকাল সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ পিবিআই কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। ২ লাখ টাকা মুক্তিপণের জন গ্রেফতারকৃতরা আবদুল আজিজকে অপহরণ করে বলে পুলিশ জানায়।
জানা যায়, সোনারগাঁ এলাকার বাসিন্দা আবদুল আজিজ (২১) গত ৪ আগস্ট বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ ছিল না। এ ঘটনায় তার পরিবার সোনারগাঁ থানায় জিডি করে।
গত বৃহস্পতিবার অপহূত আবদুল আজিজের ভাই মাছুম পিবিআইকে জানান, অপহরণকারীদের ২ লাখ টাকা প্রদান না করলে তার ভাই আজিজকে খুন করে ফেলবে। এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপার অপহূত ব্যক্তিকে উদ্ধার এবং আসামিদের গ্রেফতার করতে পরিদর্শক মোহাম্মদ নাছিরউদ্দিন সরকারকে দায়িত্ব দেন। এরপর ব্যাপক অনুসন্ধান করে পুলিশ জানতে পারে আবদুল আজিজের স্বজনদের কাছ থেকে বিভিন্ন সময়ে ১৫ হাজার টাকা বিকাশের মাধ্যমে নিয়েছে অপহরণকারীরা। এরপর অপহরণকারীরা ২ লাখ টাকা দাবি করে আজিজের স্বজনদের কাছে। সময়মতো টাকা না দিলে আজিজকে হত্যা করা হবে বলে হুমকি দেয় তারা।
তার পরিপ্রেক্ষিতে ৬ ঘণ্টার মধ্যে এক মাস আগে অপহূত আবদুল আজিজকে অপহরণকারী রবিনের ঢাকার উত্তর বাড্ডাস্থ বাসা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার এবং রবিনকে আটক করে। এরপর রবিনের তথ্য অনুযায়ী সুমন ও ঐ ঘটনার মূল হোতা লিপি আক্তারকে মাদারীপুর জেলার শিবচর থানাস্থ মির্জারচর এলাকা থেকে গ্রেফতার করা হয়। অপহরণকারীরা ঘটনার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতরা মাদক ব্যবসাসহ নানা অপকর্মে জড়িত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তিন আসামিকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।