আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের অনারারী (বিশেষ সন্মাননা) সদস্য পদ প্রদান করা হয়েছে ব্লাক ডায়মন্ড খ্যাত সঙ্গীত তারকা বেবী নাজনীনকে। ৩০ আগস্ট নিউ ইয়র্কের লং আইল্যান্ডের টাপেন বিচ পার্কে অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের সভাপতি প্রবাসী সাংবাদিক দর্পন কবীরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সদস্যদের ভোটে সভাপতি পদে সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহম্মদ সাঈদ এবং প্রথম আলো নর্থ আমেরিকার চিফ রিপোর্টার মনজুরুল হককে সাধারণ সম্পাদক নির্বাচন করে দুই বছর (২০২০-২০২২) মেয়াদী ৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বেবী নাজনীনকে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের বিশেষ সদস্যর আইডি কার্ড তুলে দেন ক্লাবের সাবেক সভাপতি ও পরিচয় সম্পাদক নাজমুল আহসান।
এ সময় উপস্থিত ছিলেন, সাপ্তাহিক আজকাল সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো, ব্যবস্থাপনা সম্পাদক মিলা হোসেন এবং প্রবাসী সাংবাদিক বৃন্দ।
উল্লেখ্য আমেরিকার বাংলাভাষী সংবাদপত্র এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সমন্বয়ে ২০০৮ সালে গঠিত হয় আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব।
অনুষ্ঠানে বেবী নাজনীন নতুন কমিটির সদস্যদের অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পারিবারিক কারণেই ছোট বেলা থেকেই আমি একরকম সাংবাদিকদের বলয়ে বেড়ে উঠেছি। সাংবাদিকদের বিষয়ে আমি একটি আলাদা দুর্বলতা অনুভব করি। আমাদের মিডিয়া আমার ক্যারিয়ার তৈরির ক্ষেত্রে বিশাল ভূমিকা রেখে আসছে শুরু থেকেই। আমি সব সময় তাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। বিজ্ঞপ্তি।
ইত্তেফাক/এসি