‘পুরো টিমের পরিশ্রমে শর্টফিল্মটি আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসা কুড়িয়েছে’

বিনোদন রিপোর্ট

 

অভিনেত্রী মৌটুসী বিশ্বাস। ছোটপর্দায় তাকে নিয়মিত দেখা গেলেও বড়পর্দাতে অভিনয় দিয়েও প্রশংসা কুড়িয়েছেন তিনি। পাশাপাশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও দেখা গেছে তাকে। ‘নায়িকার এক রাত’ শিরোনামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য বেশ প্রশংসিত হোন তিনি। এখানে একক অভিনয় করেছেন মৌটুসী। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা তাসমিয়াহ আফরিন মৌ। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি এরইমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের ফিল্ম ফ্যাস্টিভ্যালে প্রদর্শন করা হয়। ঘুরে আসে কান চলচ্চিত্র উত্সব থেকে। এরপর শ্রীলঙ্কা ও কানাডার দুটি ফিল্ম ফেস্টিভ্যালে চলচ্চিত্রটি প্রশংসিত হয়। এবার সেই চলচ্চিত্রটি জায়গা করে নিয়েছে ভারতের স্বনামধন্য চলচ্চিত্র উত্সবে। এটি আয়োজন করেছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিস অব ইন্ডিয়া। এবার করোনার জন্য অনলাইনেই আয়োজনটির আয়োজন করা হয়েছে। মৌটুসী বলেন, ‘ভালো একটি কাজের জন্য প্রশংসা আনন্দ দেয়। আসলে ভালো চরিত্রে চাহিদা তো একজন অভিনয়শিল্পীর সারাজীবন থাকে। এই শর্টফিল্মটি ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ একটি কাজ ছিল। পুরো টিমের পরিশ্রমে শর্টফিল্মটি আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসা কুড়িয়েছে।’