ঢাকা-১৮ আসন উপনির্বাচনে দলীয় মনোনয়ন নিশ্চিত করতে যার যার কৌশল থেকে কাজ করছেন। এ আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ৫৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিএনপিসহ অন্যান্য দলের প্রার্থীদের বিষয়ে এখনো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।
আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ে মনোনয়ন বাছাই কমিটি প্রধানমন্ত্রীর ওপর দায়িত্ব অর্পণ করেন। ইতিমধ্যে কয়েকটি আসনের দলীয় প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে। ঢাকা-১৮ আসনে তফসিল ঘোষণার পর প্রার্থীর নাম চূড়ান্ত ঘোষণা করবেন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে মনোনয়ন প্রত্যাশীদের পোস্টার, ব্যানার, ফেস্টুন শোভা পাচ্ছে বিমানবন্দরসহ ঢাকা-১৮ আসন এলাকার রাস্তাঘাটে। নির্বাচনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে এক ধরনের উৎসবমুখরভাব বিরাজ করেছে। প্রার্থীরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিজ নিজ পক্ষে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিশেষ সূত্রে অনেকেই নিজেদের অবস্থানের কথা ব্যক্ত করেছেন।
আরো পড়ুন : উত্তরখানে সোহাগ হত্যা রহস্য উদঘাটন, গ্রেফতার ২
মনোনয়ন প্রত্যাশী বিমানবন্দর থানা আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহজাহান আলী মণ্ডল বলেন, যারা তৃনমূল পর্যায়ে এবং স্থানীয়ভাবে সময়, শ্রম, মেধা দিয়ে কাজ করেন তাকেই দল মূল্যায়ন করবেন বলে আমার বিশ্বাস। দলের নেতাকর্মী নিয়ে সব সময় সতর্কতার সাথে কাজ করে যাচ্ছি, দলের জন্য রাতদিন পরিশ্রম করছি, তাই আমি আশাবাদী দল আমাকে মূল্যায়ন করবে।
মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর উত্তরের সাবেক সহসভাপতি হাবিব হাসান, মহিলা আওয়ামী যুবলীগের সভাপতি নাজমা আকতার। দলের মনোনয়ন প্রত্যাশী প্রয়াত সাহারা খাতুনের পিএস ও সাবেক সহসভাপতি উত্তরা পশ্চিম থানা মজিবুর রহমান বলেন, সাহারা খাতুনের পরিবারের লোক আমি এ আসনের নেতাকর্মীদের সাথে আমার ভালো সম্পর্ক রয়েছে, দীর্ঘ ৩৪ বছর যাবৎ রাজনীতি করি সে হিসেবে দল মনোনয়ন দিলে সাহারা খাতুনের কাজগুলি আমি ভালভাবে করতে পারবো। সাবেক ছাত্রলীগ কর্মী মোহাম্মদ ওয়ালী আল কাদির বলেন, দলের সবুজ সংকেত পেয়েই আমি মাঠে নেমেছি।
এদিকে বিএনপির তরফ থেকে এখনো উপ নির্বাচনে কোন প্রার্থীর নাম চূড়ান্ত করেনি, মনোনয়নপত্রও বিক্রি করেনি তবে মনোনয়নের আশায় ঢাকা-১৮ আসনে অনেকেই দোয়া এবং সমর্থন চেয়ে পোস্টার সাটিয়েছেন। তাদের মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রশিদ গ্রুপের চেয়ারম্যান এম কফিল উদ্দিন আহমেদ বলেন, দলের হাই কমান্ড থেকে সবুজ সংকেত পেয়েই আমি নেতাকর্মীদের নিয়ে কাজ করছি। এছাড়া ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেনও মনোনয়ন প্রত্যাশী।
ঢাকা -১৮ আসনের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় নির্বাচনকে ঘিরে এক ধরনের উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।
ইত্তেফাক/ইউবি