এলপিজির বাজার বাড়াতে একসঙ্গে কাজ করার লক্ষ্যে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের (বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বেক্সিমকো এলপিজি ইউনিট-১ লিমিটেড। ফলে এখন থেকে পদ্মা অয়েলের নিবন্ধিত ফিলিং স্টেশনগুলোতে এলপিজি পাম্প স্থাপন ও অটোএলপিজি বিক্রি করতে পারবে বেক্সিমকো এলপিজি লিমিটেড। গতকাল রবিবার কাওরান বাজারের বিটিএমসি ভবনে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর করা হয়।
চুক্তিটি স্বাক্ষর করেন পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমান ও বেক্সিমকো এলপিজির প্রধান নির্বাহী কর্মকর্তা মৃণাল রায়। এই সময় উপস্থিত ছিলেন পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক (বিক্রয়) সোহেল আবদুল্লাহ, নুমান আহমদ তাপাদার (উপমহাব্যবস্থাপক, ঢাকা), মো. আহম্মদুল্লাহ (উপব্যবস্থাপক ও পিএস টু চেয়ারম্যান, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন) ও বেক্সিমকো এলপিজির চিফ কমার্শিয়াল অফিসার এম মুনতাসির আলম, বিজনেস ডেভেলপমেন্টের প্রধান মিস তাসনুভা চৌধুরী। —প্রেস বিজ্ঞপ্তি