কারণ ছাড়াই বাড়ছে মিরাকেলের শেয়ারের দাম

ইত্তেফাক রিপোর্ট

এক সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত মিরাকেল ইন্ডাস্ট্রিজের শেয়ার দাম বেড়েছে ১২ টাকা। প্রতিষ্ঠানটির শেয়ারের এই দাম বৃদ্ধিকে অস্বাভাবিক বলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। এ কারণে শেয়ারের দাম বাড়ার কারণ জানাতে কোম্পানিটিকে নোটিশ পাঠায় ডিএসই। জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষ জানিয়েছে—শেয়ারের দাম বাড়ার পিছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। এ জন্য গতকাল রবিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে বিনিয়োগকারীদের সতর্ক করে জানানো হয়েছে—মিরাকেলের শেয়ার দাম কারণ ছাড়াই অস্বাভাবিক বেড়েছে। তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত ২৩ আগস্ট মিরাকেলের প্রতিটি শেয়ার দাম ছিল ১৯ টাকা। যা টানা বেড়ে ২ সেপ্টেম্বর লেনদেন শেষে দাঁড়ায় ৩১ টাকায়। এর পরিপ্রেক্ষিতে ডিএসই থেকে কোম্পানিটিকে নোটিশ পাঠানো হয়। শেয়ারের এমন দাম বাড়লেও ডিএসইর মাধ্যমে সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি লোকসানে রয়েছে। ২০১৯ সালের জুলাই-সেপ্টেম্বর সময়ে ব্যবসা করে প্রতিষ্ঠানটি শেয়ারপ্রতি লোকসান করেছে ১ টাকা। ডিএসইর তথ্য অনুযায়ী, ২০১৯ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান করেছে ১ টাকা ২৫ পয়সা।