বিদ্যুত্ নেই তবুও ঘুরছে মিটার!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিদ্যুত্ নেই, এরপরও ‘গায়েবি’ বিদ্যুতেই ডিসপ্লেসহ মিটারের রিডিং ঘুরছে। তাও একটি নয়, চারটি বৈদ্যুতিক ডিজিটাল মিটারে। ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের তারাগণ গ্রামের সৈয়দ তাজুল ইসলামের বাড়ির। সেখানে গেলে দেখা যাবে গায়েবি বিদ্যুতে কীভাবে চারটি মিটারের রিডিং ঘুরছে। সৈয়দ তাজুল ইসলামের ছেলে সৈয়দ তজিবুল ইসলাম শাহি জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে হঠাত্ বিদ্যুত্ চলে যায়। পরে জানতে পারি কলেজপাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় কর্তৃপক্ষ পৌর এলাকার বিদ্যুত্ সংযোগ বন্ধ করে দিয়েছে। গরমে টিকতে না পেরে ঘর থেকে উঠানে চলে আসি। এ সময় চোখ পড়ে বিদ্যুতের মিটারের দিকে। দেখি মিটারগুলোতে বাতি জ্বলছে। আরো কাছে গিয়ে দেখি রিডিংও ঘুরছে। তাত্ক্ষণিকভাবে মোবাইলে ভিডিও ধারণ করি ও কর্তৃপক্ষকে অবগত করি। প্রথমে তারা বলেন, আইপিএস সংযোগ থাকায় এমনটা হচ্ছে। তাদের নিশ্চিত করি এই চারটি মিটার থেকে আইপিএসের কোনো সংযোগ নেই। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হলে তারা দ্রুত মিটার পরিবর্তন করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তিনি আরো জানান, প্রতি মাসেই ভৌতিক বিল আসলে নতুন মিটারের জন্য আবেদন করি। গত সপ্তাহে কর্তৃপক্ষ পাঁচটি মিটারও পরিবর্তন করে দেয়। ঐ পাঁচটি মিটারের মধ্যে এখন চারটি মিটারেই বিদ্যুত্ ছাড়া ডিসপ্লে হচ্ছে এবং রিডিং ঘুরছে।

ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুত্ সমিতির আখাউড়া জোনাল অফিসের ডিজিএম আবুল বাশার বলেন, আইপিএস সংযোগ থাকার কারণেই এমনটা হচ্ছে বলে মনে হয়। তার পরও অফিসের টেকনিক্যাল লোকজন তাদের বাড়িতে পাঠিয়েছি। তারা এসে রিপোর্ট করলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।