সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ইত্তেফাক ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ তিন জন নিহতের খবর পাঠিয়েছেন সংবাদদাতারা।

জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা: জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের গুচ্ছগ্রাম এলাকায় ট্রাকচাপায় পথচারী এক নারী নিহত হয়েছেন। রবিবার দুপুর সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রহিমা বিবি গুচ্ছগ্রামের মৃত রউফ মিয়ার মেয়ে ? ঘটনার পরপর স্থানীয় জনতা মহাসড়ক অবরোধ করে রাখে ?

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসিন আলী বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িটি হাইওয়ে পুলিশের জিম্মায় দেওয়া হয় ?

কিশোরগঞ্জ প্রতিনিধি ও করিমগঞ্জ সংবাদদাতা : কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কে করিমগঞ্জ উপজেলার শিমুলতলা এলাকায় সিএনজি-টমটমের সংঘর্ষে এক জন নিহত হয়েছেন। শনিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত সিএনজি যাত্রী মালেকা বেগম করিমগঞ্জ উপজেলার নয়াপাড়া আবদুস সালাম মুন্সি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। করিমগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) নাহিদ হাসান সুমন ঘটনাটি নিশ্চিত করেছেন।

মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা : মীর্জাগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত দক্ষিণ ঘটকের আন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ফেরদৌসি বেগম (১০) মারা গেছে। শনিবার বিকালে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ঐ দিন সকাল ১০টায় ফেরদৌসি বাড়ির সামনে রাস্তা পারাপারের সময় অটোবাইকের চাপায় গুরুতর আহত হয়েছিল।