কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বারঘরিয়া-দক্ষিণ ধীতপুর গ্রামের বদিউর রহমান হত্যা মামলায় একজনের ফাঁসি ও পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। কিশোরগঞ্জের প্রথম আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম রবিবার এ দণ্ড ছাড়াও প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা জরিমানা করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আব্দুস সাত্তার পলাতক রয়েছে। এই মামলায় অভিযুক্ত ১০ জনকে বেকসুর খালাস দেওয়া হয়। একজন আসামি বিচার চলাকালে মারা যায়।
মামলার বিবরণে প্রকাশ, পূর্বশত্রুতার জেরে ২০১৩ সালের ২৪ জুলাই আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে বদিউর রহমানের ছেলে মো. গোলাপ মিয়াকে ধাওয়া করে মাটিতে ফেলে মারপিট করতে থাকে। তার চিত্কারে বাবা বদিউর রহমান এগিয়ে আসলে আসামিরা বল্লম ও কিরিচ দিয়ে তাকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে করিমগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।