স্টাফ রিপোর্টার, রাজশাহী
এখন থেকে থানায় মামলা অথবা জিডি করলে অভিযোগকারীকে আর তথ্য পাওয়ার জন্য থানায় ঘুরতে হবে না। তার মোবাইল ফোনে ‘এসএমএস’ -এর মাধ্যমে পেয়ে যাবেন সব তথ্য। সেবাগ্রহীতাদের মোবাইল ফোনের মাধ্যমে তথ্য প্রদান শুরু করেছে রাজশাহী জেলা পুলিশ।
গত ২ সেপ্টেম্বর রাজশাহী জেলার আটটি থানায় এই কার্যক্রম চালু হয়েছে। প্রতিটি থানার ডিউটি অফিসারের সরকারি মোবাইল ফোন নাম্বার থেকে সেবাগ্রহীতাদের এই বার্তা পাঠানো হচ্ছে। পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজশাহী জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহর তত্ত্বাবধানে পরিচালিত মোবাইল ফোনে এসএমএস কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।