মোটর সাইকেল ও মোবাইল চুরির ঘটনায় আটক তিন

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুরের পীরগঞ্জে শিক্ষকের মোটরসাইকেল ও মোবাইল চুরির ঘটনায় ছাত্রসহ তিন জনকে আটক করেছে পুলিশ। শনিবার তাদের আটক করা হয়। গত ২৮ আগস্ট ঝাড় আম বাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলামের বাড়ি থেকে মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় ঐ শিক্ষক পীরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ভেন্ডাবাড়ি লাল মিয়ার ছেলে ও সাইফুল ইসলামের ছাত্র মনির হোসেন, কাউনিয়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মাহফুজার রহমান টুটুল ও রংপুর নগরীর মাহিগঞ্জ হরগোবিন্দ গ্রামের গোলাম মোস্তফাকে আটক করে।

পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র জানান, মনির শিক্ষক সাইফুল ইসলামের বাড়ির বেলকোনির গ্রিলের তালা খুলে রাতে মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন চুরি করে। এরপর সে টুটুলের কাছে সেগুলো বিক্রি করে। টুটুল পরবর্তী সময়ে মাহিগঞ্জের গোলাম মোস্তফার কাছে চোরাই মোবাইল বিক্রি করে।