স্পোর্টস ডেস্ক
উপলক্ষ্যটা হতে পারতো ক্রিশ্চিয়ানো রোনালদোর শততম গোলের, কিন্তু পায়ে সংক্রমণের কারণে পাঁচ বারের ব্যালন ডি’অরজয়ী ছিলেন না ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগালের উয়েফা নেশন্স লিগের ম্যাচে। তার শূন্যতা অবশ্য তরুণরা বুঝতেই দেননি, ফলে পর্তুগাল ৪-১ গোলের জয় তুলে নেয়। দিনের অন্য ম্যাচে ফ্রান্স, বেলজিয়াম আর ইংল্যান্ডও জয় তুলে নিয়েছে।
রোনালদোহীন ম্যাচের শিরোপাধারীদের বড় জয়ে লক্ষ্যভেদ ছিল হোয়াও ক্যান্সেলো, দিয়েগো জোতা, হোয়াও ফেলিক্স আর আন্দ্রে সিলভার। শেষ দিকে ক্রোয়াটরা পেতকোভিচের গোলে ব্যবধান কমালে শেষমেশ ৪-১ ব্যবধানে জয় পায় পর্তুগাল। গ্রুপের অন্য ম্যাচে ফ্রান্স সুইডেনকে হারিয়েছে ১-০ ব্যবধানে। ৪১ মিনিটে কিলিয়ান এমবাপের পা থেকে আসে একমাত্র গোলটি। ‘লিগ এ গ্রুপ ২’ এর ম্যাচে বেলজিয়াম সহজ জয় পেলেও ইংল্যান্ড ধুঁকেছে বেশ। বেলজিয়ানরা ডেনমার্কের বিপক্ষে এগিয়ে যায় ম্যাচের নবম মিনিটেই, জেসন ডিনেয়ারের লক্ষ্যভেদে। এরপর ৭৬ মিনিটে দ্বিতীয় গোলটি করেন ড্রাইস মের্তেন্স।
ওদিকে ইংল্যান্ড আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচের একটা বড় সময় বল ধরে রেখেও জয়সূচক গোলটির জন্য অপেক্ষা করেছে ৯০ মিনিট পর্যন্ত। পেনাল্টি থেকে গোল করে ইংলিশদের জয় পাইয়ে দেন রাহিম স্টার্লিং।