স্পোর্টস রিপোর্টার
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হঠাত্ করেই করোনাভীতি ছড়িয়ে পড়েছে। আর এ জন্যই কয়েকটা দিন একক ও গ্রুপ অনুশীলন বন্ধ রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই সুযোগটা কাজে লাগিয়েছিলেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। এই সময়ে নিজের শিক্ষাপ্রতিষ্ঠানে একটু সময় কাটাতে এবং সাবেক গুরু মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে একটু কাজ করতে চলে গিয়েছিলেন বিকেএসপিতে। মাঝে ভুগতে থাকা পেটের পীড়া থেকেও প্রায় মুক্ত হয়েছেন। আর এই অবস্থায় ঢাকায় ফিরে অপেক্ষা করছেন আবার অনুশীলন শুরু করার জন্য।
মিরপুরে অনুশীলন সাময়িক স্থগিত হওয়ার আগেই ছুটি নিতে হয়েছিল মুমিনুলকে। ভুগছিলেন পেটের ব্যথায়। এর মধ্যে চিকিত্সকের পরামর্শ অনুযায়ী চলে সে ব্যথা থেকে মোটামুটি মুক্তি পেয়েছেন। তবে এখনো ওষুধ খেতে হচ্ছে বলে জানা গেল। তবে এখন অনুশীলন শুরু করতে বাধা নেই।
এর মধ্যে সুস্থ হয়ে ওঠার পর নিজের কিছু স্কিল নিয়ে কাজ করতে গিয়েছিলেন বিকেএসপিতে। সেখানে সাকিব আল হাসানের সঙ্গে কাজ করছেন কোচ সালাউদ্দিন। তিনি আবার মুমিনুলের কোচও বটে। মুমিনুল তার সঙ্গেই দেখা করে নিজের ব্যাটিংটা একটু ঝালিয়ে নিয়েছেন।