ক্রিকেটারদের করোনা পরীক্ষা আজ শুরু

স্পোর্টস রিপোর্টার

করোনা আতঙ্কে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেটারদের অনুশীলন বন্ধ থাকছে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। পুনরায় ক্রিকেটারদের অনুশীলন শুরু হবে ৯ সেপ্টেম্বর। মুমিনুলরা হোম অব ক্রিকেটে ফেরার আগে করোনা পরীক্ষা হবে। শ্রীলঙ্কা সফরের ক্যাম্পের জন্য ক্রিকেটারদের করোনা পরীক্ষা শুরু হচ্ছে আজ থেকে। গতকাল রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিসিবি।

বর্তমানে বিশ্রামে থাকা ক্রিকেটারদের বাসায় গিয়ে নমুনা নেওয়া হবে। মূলত মিরপুরে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ায় দ্রুত করোনা পরীক্ষা করতে যাচ্ছে বিসিবি। ইতিমধ্যে গ্রাউন্ডসম্যান, ট্রেনার করোনা পজিটিভ হয়েছেন।

যদিও এর আগে বিসিবি থেকে জানানো হয়েছিল ১৮ সেপ্টেম্বর প্রথমবার ক্রিকেটারদের করোনা পরীক্ষা শুরু হবে। সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অংশ হিসেবে শ্রীলঙ্কা যাওয়ার আগে মোট তিনবার পরীক্ষা হবে ক্রিকেটারদের।