ট্রফি উধাও!

আফ্রিকান নেশন্স কাপের শিরোপা তিন বার জিতে সেটি চিরতরে রেখে দেওয়ার কৃতিত্ব দেখিয়েছিল মিশর। কিন্তু শিরোপাটা ‘ধরে’ রাখতে ব্যর্থ হয়েছে ফারাওরা। ফেডারেশনের সাবেক সদস্য মাগদি আবদেলঘানি সম্প্রতি এই বোমা ফাটিয়েছেন। জানিয়েছেন, ২০১৩ সালে কায়রোয় অ্যাসোসিয়েশনের হেড কোয়ার্টারে এক অগ্নিকাণ্ডে সেটি ধ্বংস হয়ে গেছে। মিশরের জেতা সব ধরনের শিরোপাগুলো নিয়ে জাদুঘরে সংরক্ষণের কর্মসূচির আগে সাবেক সহসভাপতি আহমেদ শোবেইর জানিয়েছিলেন, সে শিরোপাটি পাচ্ছে না ফেডারেশন। এরপর সম্প্রতি অগ্নিকাণ্ডে শিরোপা হারানোর ব্যাপারটি জানান আবদেলঘানি। শিরোপা খোয়া যাওয়ার শুরুর দিকে সাবেক অধিনায়ক আহমেদ হাসানের প্রতি শিরোপাটি লুকানোর অভিযোগ আনা হলে হাসান সে অভিযোগ অস্বীকার করেন।