দেশের সব হাসপাতালে পোড়া রোগীর প্রাথমিক চিকিত্সার ব্যবস্থা থাকতে হবে

ডা. জাফরুল্লাহ চৌধুরীর দাবি

ইত্তেফাক রিপোর্ট

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, পোড়া রোগীদের প্রাথমিক চিকিত্সার জন্য দেশের সব হাসপাতালে ব্যবস্থা থাকতে হবে। সরকার হাজার হাজার কোটি টাকার মেগা প্রকল্প করছে। কিন্তু কিছু একটা ঘটলেই এখন ঢাকায় আসতে হচ্ছে। প্রতিটি জেলায় বার্ন ইউনিট থাকতে হবে। এটা আইসিইউর চেয়েও বেশি দরকার। এছাড়া সব চিকিত্সককে পোড়া রোগীদের প্রাথমিক চিকিত্সা দেওয়ার প্রশিক্ষণ দেওয়া উচিত। গতকাল ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নারায়ণগঞ্জের পশ্চিম তল্লার বায়তুল সালাত জামে মসজিদে বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, কোনো দুর্ঘটনা হলে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিত্সা পাওয়া উচিত। নারায়ণগঞ্জেই যদি এই রোগীরা প্রাথমিক চিকিত্সা পেতেন, তাহলে এত লোক মারা যেত না। নারায়ণগঞ্জের মতো বড় শহরে ভালো চিকিত্সাসুবিধা না থাকা দুঃখজনক। পোড়া রোগীদের চিকিত্সার জন্য ওষুধের সরবরাহ ও সহজলভ্যতা কম বলে উল্লেখ করে তিনি বলেন, এখানে নার্স, চিকিত্সকেরা অনেক যত্ন নিয়ে রোগীর চিকিত্সা দিচ্ছেন। কিন্তু যথেষ্ট ওষুধ নেই। এত বড় হাসপাতালে ৩০ হাজার ইনজেকশনের অনুমতি থাকতে হবে। এক প্রশ্নের জবাবে জাফরুল্লাহ চৌধুরী বলেন, অব্যবস্থাপনার কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকে; দেশে সুশাসন না থাকলে যা হয়। প্রধানমন্ত্রীকে এ ঘটনার সঠিক তদন্ত করে ব্যবস্থা নিতে হবে।