টঙ্গিবাড়ীতে ১০ টাকা কেজির চাল আত্মসাতের অভিযোগ প্রতিবাদে মানববন্ধন

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

টঙ্গিবাড়ীতে হতদরিদ্রদের ৪০টি পরিবারের নামে বরাদ্ধকৃত ১০ টাকা কেজি দরের চাল আত্মসাতের অভিযোগে দুই ইউপি সদস্যের বিচার চেয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। শনিবার উপজেলার বেতকা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনকারীদের অভিযোগ, কার্ড থাকা সত্ত্বেও তারা কখনো ১০ কেজি দরের চাল পাননি। তবে মৃত ও প্রবাসী ব্যক্তির নামেও কার্ড করা হয়েছে। বেতকা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মেম্বার জাকির হোসেন ও ৭ নম্বর ওয়ার্ড মেম্বার হাশেম মিয়া চার বছর যাবত্ হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত কার্ড নিজেদের কাছে রেখে চাল উত্তোলন করে আত্মসাত্ করে আসছেন। বিষয়টি একাধিকবার জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ করেও প্রতিকার মেলেনি। অনতিবিলম্বে অভিযুক্ত দুই ইউপি সদস্যকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তারা।

তবে চাল আত্মসাতের অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য জাকির হোসেন ও হাশেম বলেন, আগামী নির্বাচন সামনে রেখে তাদের বিরুদ্ধে একটি মহল মিথ্যা অভিযোগ এনে ষড়যন্ত্র করে যাচ্ছে। অবশ্য চাল আত্মাসাত্ নয়, অনিয়ম করা হয়েছে স্বীকার করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলম শিকদার বাচ্চু বলেন, অভিযুক্ত দুই ইউপি সদস্য চাল আত্মসাত্ করেননি। তারা একজনের নামের কার্ড অন্যজনকে দিয়ে চাল উত্তোলন করিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মত্ হাসিনা আক্তার বলেন, ‘চাল আত্মসাতের বিষয়ে অভিযোগ পেয়েছি। তার পরিপ্রেক্ষিতে তদন্ত চলছে।