সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় শাহজাহান মিয়া নামে এক আসামিকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। অপর দুই আসামি মোতালেব মিয়া প্রকাশ ওয়াসিম ও আনোয়ারকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। গতকাল রবিবার রিমান্ড শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন এ আদেশ দেন। মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রোর অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈনুদ্দিন কয়েক দিন আগে আসামিদের পাঁচ দিনের রিমান্ডের জন্য আদালতে আবেদন করেন। গতকাল রিমান্ড শুনানির দিন ধার্য ছিল।
আসামি মোতালেব মিয়া প্রকাশ ওয়াসিম রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর এলাকার আবদুন নবীর পুত্র ও শাহজাহান মিয়া রানীরহাট এলাকার কবির আহমেদের পুত্র। আনোয়ার হোসেন ফটিকছড়ি উপজেলার পাইড্রালিকুল এলাকার শামসুল আলমের পুত্র। মিতু হত্যার চার বছর পেরিয়ে গেলেও চার্জশিট দিতে পারেনি পুলিশ। শেষ পর্যন্ত আদালতের নির্দেশে মামলাটির তদন্তভার গত জানুয়ারি মাসে পিবিআইকে দেওয়া হয়।
উল্লেখ্য, ২০১৬ সালের পাঁচ জুন নগরীর ওআর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে গুলি ও ছুরিকাঘাতে নিহত হন মাহমুদা খানম মিতু। এ ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতার মোতালেব ও আনোয়ার মিতু হত্যা জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। কিন্তু মিতুর বাবা পুলিশের সাবেক পরিদর্শক মোশারফ হোসেন এ ঘটনার অনেক দিন পর স্বামী বাবুল আক্তারকে দায়ী করেন।