ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, নতুন করোনা ভাইরাসের ভ্যাকসিন চূড়ান্ত হলে ভারতের ওষুধ তৈরিকারী কোম্পানিগুলো এই ভ্যাকসিন উত্পাদন করবে। এই ভ্যাকসিন প্রতিবেশী বন্ধু রাষ্ট্রগুলোতে সরবরাহ করা হবে। শনিবার ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স (আইসিডব্লিউএ) আয়োজিত এক ওয়েবিনারে তিনি এ কথা বলেন।
আইসিডব্লিউএ ভারতের অন্যতম প্রধান থিংক ট্যাংক। ঐ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে শ্রিংলা বলেন, ২০২০ একটি চ্যালেঞ্জিং বছর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা বিশ্ব ব্যবস্থায় সবচেয়ে বড় ধাক্কার মধ্য দিয়ে যাচ্ছি। করোনা মহামারি অর্থনৈতিক, ভূ-রাজনৈতিক এবং একটি বিশাল সামাজিক চ্যালেঞ্জ হিসেবে রূপ লাভ করেছে যা আমাদের কেউই আগে দেখিনি। বর্তমান মহামারির সময় আমাদের অসংখ্য বন্ধু এবং অংশীদারদের সহায়তা করেছি। তিনি বলেন, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) চীনের সঙ্গে উত্তেজনার বিষয়ে তিনি বলেন, গত ৪০ বছরেরও বেশি সময় পরে এই উত্তেজনা আমাদের জন্য সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জ। আমরা এই বিষয়ে সামরিক এবং কূটনৈতিক চ্যানেলগুলোর মাধ্যমে চীনের সঙ্গে যোগাযোগ করছি এবং সংলাপের মাধ্যমে সব অমীমাংসিত বিষয় সমাধানের জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ রয়েছি।