মতপ্রকাশের স্বাধীনতা চর্চায় বাংলাদেশ পিছিয়ে ----------- আর্টিকেল নাইনটিন

দক্ষিণ এশিয়ায় গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা চর্চায় বাংলাদেশ পিছিয়ে বলে জানায় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আর্টিকেল নাইনটিন। সংগঠনটি বলছে, এ পরিস্থিতি বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের অগ্রগতিকে ম্লান করেছে। এসডিজির ১৬ নম্বর অভীষ্টে সুশাসন তথা শান্তি, ন্যায়বিচার, শক্তিশালী প্রতিষ্ঠান ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। এ লক্ষ্যটি অর্জনে সামগ্রিকভাবে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি।

গতকাল রবিবার জাতীয় মানবাধিকার কমিশন এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আর্টিকেল নাইনটিনের যৌথ সভায় এসব কথা বলা হয়। দুটি প্রতিষ্ঠানের মধ্যে সম্পাদিত সমঝোতা চুক্তির আওতায়  ভার্চুয়াল সভা হয়। আর্টিকেল নাইনটিন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান নাছিমা বেগম। আমন্ত্রিত অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ও আর্টিকেল নাইনটিনের প্রকল্প পরামর্শক ড. প্রদীপ কুমার পান্ডে, সুপ্রিম কোর্টের আইনজীবী মাহবুবুল ইসলাম, মানবাধিকার বিষয়ক গবেষক ড. এ কে এম সাইফুল্লাহ।