নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বায়তুল সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের পর দেশের সব মসজিদে বিশেষ করে যেসব মসজিদে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র আছে, সেসব মসজিদের বৈদ্যুতিক সংযোগ জরুরি ভিত্তিতে পরীক্ষা ও মেরামতের নির্দেশ দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। গতকাল রবিবার ধর্ম মন্ত্রণালয়ের এমন নির্দেশের পর ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের সব মসজিদের বৈদ্যুতিক সংযোগ জরুরি ভিত্তিতে পরীক্ষা ও মেরামতের আহ্বান জানানো হয়েছে।
শর্ট সার্কিটসহ অন্যান্য দুর্ঘটনা রোধে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়ের তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসনসহ গণপূর্ত অধিদপ্তর ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় মসজিদ কমিটির সক্রিয় অংশগ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।