বাংলাদেশের কৃষি খাতে অনেক অগ্রগতি থাকলেও পিছিয়ে রয়েছে কৃষি প্রযুক্তি ব্যবহারে। এর ফলে উত্পাদনে ভালো করলেও কৃষি পণ্যের সরবরাহ ব্যবস্থা ও বিপণনের ক্ষেত্রে তেমন অগ্রগতি হয়নি। এজন্য কৃষি প্রযুক্তি খাতে বিনিয়োগের বড় সম্ভাবনা রয়েছে। বিদেশি বিনিয়োগকারীরাও এ সুযোগ গ্রহণ করতে পারে।
গতকাল রবিবার ‘বিদেশি বিনিয়োগের অগ্রধিকার খাত : কৃষি প্রক্রিয়াজাত করে মূল্য সংযোজন ও ডিজিটাল ইকো পদ্ধতি এবং সবুজ অর্থায়ন’ শীর্ষক অনলাইন আলোচনাসভায় এসব কথা বলেন আলোচকরা। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সংগঠনের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন জোঅ্যানি ওয়াংগারসহ অ্যামচেমের সদস্যরা।