বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সেই সিবিএ (কালেকটিভ বার্গেনিং এজেন্ট) নেতা জহিরুল ইসলাম চৌধুরী ও মো. আলাউদ্দিন মিয়ার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. খলিলুর রহমান সিকদার চার্জশিট দাখিল করেন। পরে চার্জশিট ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালতে উপস্থাপন করা হয়। আদালত চার্জশিট দেখেছে। আগামী ৬ অক্টোবর চার্জশিট গ্রহণের তারিখ ধার্য করেছে আদালত। উল্লেখ্য, ২০১৯ সালের ১৭ জুলাই দুদকের সহকারী পরিচালক মো. খলিলুর রহমান সিকদার বাদী হয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) মামলাটি দায়ের করেন।
দুদকের চার্জশিটে নাম থাকা সিবিএ সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের অডিট পরিদপ্তরের সহকারী হিসাবরক্ষক (বর্তমানে অবসরপ্রাপ্ত) ছিলেন। আর সিবিএর সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়া ছিলেন ডিজাইন অ্যান্ড ইন্সপেকশন পরিদপ্তর-১-এর সাবেক স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর।