নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারদী ইউনিয়নের মিস্ত্রীপাড়া গ্রামে ঋণের কিস্তির টাকা আদায় করতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে মো. সাজিদুর রহমান নামের এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘটনার পর ঐ বাড়ির লোকজন পলাতক রয়েছেন। নিহত সাজিদুর রহমান টাঙ্গাইল সদর উপজেলার মিরপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মিস্ত্রীপাড়া এলাকার শামসুদ্দিনের ছেলে হান্নানের স্ত্রী শারমিন আক্তার ব্যুরো বাংলাদেশ নামের একটি এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ নেন। এ থেকে প্রতি সপ্তাহে ১ হাজার ২৫০ টাকার কিস্তি পরিশোধ করেন শারমিন। এছাড়াও ঐ বাড়িতে আরো কয়েক জন গ্রাহক রয়েছে। রবিবার দুপুরে ঐ কিস্তির টাকা আদায় করতে ব্যুরো বাংলাদেশের প্রোগ্রাম অর্গানাইজার মো. সাজিদুর রহমান হান্নানের বাড়িতে যান। এ সময় তাকে গলা কেটে হত্যা করা হয়। পরে হান্নানের ঘরে তার লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
ব্যুরো বাংলাদেশের বারদী শাখার হিসাবরক্ষক মামুন অর রশিদ বলেন, সাজিদুর বেলা ১২টার দিকে অন্য একটি কেন্দ্রের টাকা উত্তোলন করে জমা দিয়ে ঐ কেন্দ্রের টাকা তুলতে যান। এ সময় তিনি এ নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। তবে ঐ বাড়ির গ্রাহকরা নিয়মিতভাবেই কিস্তি পরিশোধ করতেন বলে তিনি জানান। কিন্তু কি কারণে এমন ঘটনা ঘটল তা তারা বুঝতে পারছেন না।
সোনারগাঁও থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, কি কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনই বলা যাচ্ছে না। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।