দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে যোগাযোগের অন্যতম প্রধান নৌরুট কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় গত তিন দিন ধরে ফেরি চলাচল বন্ধ। নাব্য সংকটের কারণে এই রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। পদ্মা সেতুর ২৫ নম্বর পিলারের কাছে এখনো ড্রেজিং শুরু হয়নি।
বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএসহ একাধিক সূত্রে জানা যায়, পদ্মা সেতুর ২৫ নম্বর পিলারের কাছে প্রায় ১ হাজার ৬০০ ফুট এলাকায় ডুবোচর সৃষ্টি হওয়ায় ফেরি চলতে পারছে না। এলাকাটি সেতু কর্তৃপক্ষের অধিগ্রহণকৃত হওয়ায় সেতু বিভাগের একটি ড্রেজার ডুবোচর এলাকার কাছাকাছি এসে পৌঁছেছে। তবে এখনো ড্রেজিং শুরু করেনি তারা। কখন ড্রেজিং শুরু হবে এবং কখনোই বা ফেরি চালু হবে তা নির্দিষ্টভাবে বলতে পারছে না বিআইডব্লিউটিএ। অপর দিকে মূল চ্যানেল লৌহজং টার্নিং চ্যানেলটিতে সাতটি ড্রেজার দিয়ে ড্রেজিং করতে দেখা গেছে। ৩৩ লাখ ঘনমিটার পলি অপসারণের লক্ষ্য নিয়ে প্রায় ৬ লাখ ঘনমিটার পলি অপসারণ সম্পন্ন হয়েছে। এদিকে চায়না চ্যানেলের মুখ ও লৌহজং টার্নিং চ্যানেল বন্ধ থাকায় বিকল্প একটি চ্যানেলের সন্ধান পেয়েছে বিআইডব্লিউটিএ। পালেরচর হয়ে এই চ্যানেলটির দূরত্ব প্রায় ২৮-৩০ কিলোমিটার। কিন্তু এই চ্যানেলটি ব্যবহারে জোর আপত্তি বিআইডব্লিউটিসির। নদীতে তীব্র স্রোত থাকায় এই চ্যানেলটি দিয়ে ফেরি পারাপারে ৮-১০ ঘণ্টা সময় ব্যয় হবে বলে ধারণা বিআইডব্লিউটিসির।
বিআইডব্লিউটিএর সহকারী প্রকৌশলী হাসান আহমেদ বলেন, লৌহজং টার্নিং চ্যানেলে পুরোদমে ড্রেজিং চলছে। চার/পাঁচ দিনের মধ্যে এটি চালু হবে। সংস্থার অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান বলেন, পদ্মা সেতুর পিলার এলাকায় চায়না ড্রেজার এখনো কার্যক্রম শুরু করেনি। তাই নাব্যতা সংকট এখনো কাটেনি।