একটি মাছি মারতে গিয়ে নিজের বসতবাড়ির একাংশই উড়িয়ে দিয়েছেন এক ব্যক্তি। এই ঘটনা ঘটেছে ফ্রান্সের ডরডোন এলাকার পারকোল-চেনড গ্রামে।
ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, প্রায় ৮০ বছর বয়সী এক ব্যক্তি রাতের খাবার খেতে বসতে যাচ্ছিলেন। ঠিক এসময় তার চারপাশে ভনভন করতে শুরু করে এক মাছি। এতে বেশ বিরক্তই হন ঐ ব্যক্তি।
এরপর বাসায় থাকা মশা-মাছি মারবার ইলেকট্রিক র্যাকেটটি হাতে তুলে নেন।
কিন্তু কে জানতো, ঘরের কোনায় রাখা গ্যাস ক্যানিস্টারটি লিক হয়ে এরই মধ্যে রান্নাঘরের মধ্যে জমে গেছে বেশ কিছু পরিমান দাহ্য গ্যাস।
যেই না তিনি মাছিটিকে মারবার জন্য র্যাকেটের সুইচ অন করেছেন, সেই মুহূর্তে বাতাসে ভাসমান গ্যাসের সংস্পর্শে এসে র্যাকেটের বৈদ্যুতিক স্ফূলিঙ্গ বেশ বড়সড় বিস্ফোরণ ঘটিয়ে ফেলে।
এতে পুরোপুরি ধসে যায় রান্নাঘর, ক্ষয়ক্ষতি হয় বাড়ির ছাদেরও।
তবে ঐ ব্যক্তির তেমন কিছু হয় নি। স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছে, শুধুমাত্র হাত পুড়ে গেছে ঐ ব্যক্তির।
তবে শেষমেশ মাছিটির ভাগ্যে কী ঘটেছে তা জানা যায়নি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মাছি মারতে গিয়ে ঘর উড়িয়ে দেয়া ব্যক্তিটি এখন রাত কাটাচ্ছেন স্থানীয় একটি ক্যাম্পসাইটে। আর তার বাড়ির লোকেরা এখন সংস্কার করছেন ক্ষতিগ্রস্ত বসতবাড়িটির। বিবিসি।
ইত্তেফাক/এসআর