দেশের প্রথম কম্পিউটার মার্কেটের ২১ বছর পূর্তি

১৯৯৯সালে যাত্রা শুরু করে দেশের প্রথম কম্পিউটার মার্কেট বিসিএস কম্পিউটার সিটি। ১১ সেপ্টেম্বর এ মার্কেটের ২১ বছর পূর্তি হবে। এ উপলক্ষ্যে বিসিএস কম্পিউটার সিটি ক্রেতাদের বিভিন্ন উপহার  ও ছাড়ের সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে।

জাতীয় সংসদভবনের নিকটে শের-ই-বাংলা নগরের আগারগাঁওতে আইডিবি ভবনে অবস্থিত। প্রায় এক লাখ বর্গফুট আয়তনের চারতলা এই ভবনে ১৬০ টি দোকান চলমান রয়েছে যেখানে কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যার, আনুসাঙ্গিক যন্ত্রপাতি এবং এ সংক্রান্ত বিভিন্ন পণ্য বিক্রি করা হয়ে থাকে। প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করেন, বিসিএস কম্পিউটার সিটিকে শুধুমাত্র একটি শপিং কমপ্লেক্সই নয় বরং এটিকে বলা যেতে পারে দেশের আইটি শিল্পের কেন্দ্রস্থল।

২১ বছর পূর্তি উপলক্ষ্যে ক্র্যাচকার্ড, সরাসরি মূল্য ছাড়, করোনাকালীন মাস্কসহ বিভিন্ন উপহার ক্রেতাদের দেওয়া হবে।  ক্রেতাদের যে উপহারগুলো দেওয়া হবে সেগুলোর স্পন্সর করবে আসুস, ডিলিংক, এইচপি ও এমএসআই বলে জানিয়েছেন বিসিএস কম্পিউটার সিটির বর্তমান সভাপতি  মজহার ইমাম চৌধুরী (পিনু)। তিনি জানান, ক্রেতাদের যে উপহারগুলো প্রদান করা হবে সে সম্পর্কে আরও বিস্তারিত পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

মজহার ইমাম আরও বলেন, দক্ষিণ এশিয়ার একটি জনপ্রিয় কম্পিউটার মার্কেট হলো বিবিএস কম্পিউটার সিটি। এ মার্কেটের জনপ্রিয়তা আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। ব্যবসা পরিচালনা করতে অনেক ব্যবসায়ী দোকান ভাড়া নেওয়ার জন্য আবেদন করে বসে আছে। তারা প্রতিনিয়ত আমাদের সঙ্গে যোগাযোগ করছে কিন্তু আমরা তাদের স্পেস দিতে পারছি না।

মার্কেটের ব্র্যান্ডিং ও ক্রেতাদের স্বার্থ রক্ষা করাই আমাদের প্রধান লক্ষ্য। এ কাজটি খুব গুরুত্বসহকারে করে থাকি। সম্প্রতি মেট্রো রেলের উন্নয়নে আমাদের মার্কেটের সামনে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। এতে করে ক্রেতারা আগের মতো স্বাচ্ছন্দে মার্কেটে প্রবেশ করতে পারছে না। এত বড় উন্নয়নে কারো না কারও কম-বেশি ক্ষতি তো হতেই পারে। আমরাও এটাকে উন্নয়নের স্বার্থে সামান্য ক্ষতি বলে মেনে নিয়েছি, বলেন মজহার ইমাম।

করোনাকালে কম্পিউটার ব্যবসার বর্ণনা করতে গিয়ে মজহার ইমাম বলেন, করোনাকালে বিভিন্ন হসপিটালে কম্পিউটার পণ্য বেশি ব্যবহার হচ্ছে। এছাড়াও অনলাইন ক্লাস, অনলাইন ব্যবসার পরিচালনার জন্যও কম্পিউটার পণ্য বেশি প্রয়োজন হচ্ছে ও বিক্রি হচ্ছে। এক কথায় বলতে গেলে, দেশে প্রচুর কম্পিউটা পণ্যে চাহিদা রয়েছে তবে সে অনুপাতে মার্কেটে পণ্য কম রয়েছে।

প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ধারাবাহিকতা ঠিক থাকলে আগামী ২০৪১ সালে ইনশাল্লাহ আমারা উন্নয়নশীল দেশে পরিনত হতে পারবো, বলেন মজহার ইমাম।

সাক্ষাত্কার গ্রহণে :মাহবুব শরীফ