ক্যালিফোর্নিয়ায় দাবানল হেলিকপ্টারে দুই শতাধিক মানুষকে উদ্ধার

মার্কিন অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে আটকে পড়া দুইশতাধিক লোককে হেলিকপ্টারে করে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় ফ্রেসনো থেকে ৭০ কিলোমিটার দূরে সিয়েরা ন্যাশনাল ফরেস্টের ম্যামথ পুল রিজার্ভার থেকে স্থলপথে বেরিয়ে আসার অবস্থা না থাকায় এসব লোককে সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়।

ফ্রেসনো ফায়ার ডিপার্টমেন্ট বলছে, সরিয়ে আনা লোকজনের মধ্যে ২০ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আহত হওয়ায় তাদের চিকিত্সার প্রয়োজন হয়ে পড়ছে। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। ইউএস ফরেস্ট সার্ভিস বলছে, শুক্রবার শুরু হওয়া দ্য ক্রেক ফায়ার খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। এটি এরই মধ্যে ৪৫ হাজার হেক্টর এলাকায় ছড়িয়ে পড়েছে। ক্যালিফোর্নিয়ায় গত কয়েক দিন ধরেই তীব্র তাপদাহ চলছিল। এ মৌসুমে এ অঙ্গরাজ্যে প্রায়ই অগ্নিকাণ্ড ঘটে। নতুন এ দাবানল সাম্প্রতিক কালের মধ্যে সবচেয়ে বড় বলে মনে করছেন মার্কিন কর্মকর্তারা।