বাফুফের নির্বাচনে মনোনয়ন গ্রহণের শেষ দিনে একাধিক চমকের ঘটনা ঘটেছে। এতদিন সভাপতি পদে কাজী সালাহউদ্দিনের নাম শোনা গেলেও গতকাল এই পদে মনোয়ন তুলেছেন সহসভাপতি বাদল রায় এবং ফুটবল কোচ শফিকুল ইসলাম মানিক। বাদল রায় তার পাঠানো লোক দিয়ে মনোনয়ন তুলেছেন। আর মানিক নিজে বাফুফেতে গিয়ে মনোনয়ন তোলেন। দুপুরের আগেই এই চমকানো খবরের সময় বাফুফে সভাপতি সালাহউদ্দিন দোতলায় তার রুমেই ছিলেন। তিনি তার প্যানেল নিয়ে মনোনয়ন তুলবেন বলে মতিঝিলের বাফুফে ভবনে সংবাদমাধ্যমের উপচে পড়া ভিড়। আজ এক দিনেই মনোনয়ন জমা এবং আজ থেকে শনিবার পর্যন্ত প্রত্যাহারের শেষ দিন। ৩ অক্টোবর নির্বাচন।
দুই-এক জন ছাড়া ভবনের বাইরে সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদীকে সম্মিলিত পরিষদের প্যানেল ঘোষণার দায়িত্ব দেন সালাহউদ্দিন। এবার তাদের প্যানেলে যোগ হয়েছে নতুন মুখ। সহসভাপতি পদে আবাহনীর ভারপ্রাপ্ত ডাইরেক্টর ইনচার্জ কাজী নাবিল, আমিরুল ইসলাম বাবু, বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান এবং নতুন মুখ আতাউর রহমান মানিক যোগ হয়েছেন। মানিকের প্রশ্নে সালাহউদ্দিন বলেন, ‘মানিক বিভিন্ন ক্লাবকে সহযোগিতা করে আসছেন। স্পোর্টস লাভার, ফুটবলের ব্যাপারে আগ্রহ রয়েছে। ফুটবলের পাশে আগেও ছিলেন। তারও প্ল্যান আছে, সুন্দর কিছু করতে চান তিনি।’ ‘নতুন মুখ থাকলে সৌন্দর্য বাড়ে—বললেন সালাম মুর্শেদী।
সম্মিলিত পরিষদের প্রধান সমন্বয়কারী হিসেবে জাতীয় সংসদের হুইপ সামসুল হক চৌধুরী এবং সহকারী প্রধান সমন্বয়কারী হিসেবে শেখ রাসেলের কর্মকর্তা সালেহ জামান সেলিমের নাম ঘোষণ করেন সালাম।
সালাম মুর্শেদী সিনিয়র সহসভাপতি লড়াই করবেন। তার বিপক্ষে আরেক স্ট্রাইকার শেখ মো. আসলাম তারই ছোট ভাই সাবেক ফুটবলার শেখ মো. আকরামকে পাঠিয়ে মনোনয়ন নিয়েছেন।
সালাহউদ্দিনের প্যানেলে সদস্য হিসেবে রয়েছেন হারুনুর রশিদ, শওকত আলী খান জাহাঙ্গীর, মাহফুজা আক্তার কিরণ, ইলিয়াস হোসেন, জাকির হোসেন চৌধুরী, সত্যজিত দাস রূপু, বিজন বড়ুয়া, ইকবাল হোসেন, অমিত খান শুভ্র, মাহিউদ্দিন আহমেদ সেলিম, ইমতিয়াজ হামিদ সবুজ, রিয়াজুল করিম, কামরুল হাসান হিলটন, আসাদুজ্জামান মিঠু, নুরুল ইসলাম নুরু। প্যানেল ঘোষণার সময় একাধিক সাবেক ফুটবলার গাউস, বিপ্লব ভট্টাচার্য, স্বপন, আলমগীরদের দেখা গেছে সেখানে। এছাড়ও বাবলু, মনি, ফজলুর রহমান বাবুলসহ সব মিলিয়ে সদস্য পদে ৩৬ জন মনোনয়ন তুলেছেন। সহসভাপতি পদে ব্যক্তিগতভাবে মনোনয়ন তুলেছেন মহিউদ্দিন মহি, তাবিথ আওয়াল, শেখ মারুফ হাসান, আব্দুল্লাহ আল ফুয়াদ।