ঢাকায় এসেছেন ডমিঙ্গোরা

অপেক্ষা করোনা পরীক্ষার

রবিবার রাতে ঢাকায় পৌঁছেছেন জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তার সঙ্গে একই ফ্লাইটে এসেছেন ফিল্ডিং কোচ রায়ান কুক। আর আজ ঢাকায় আসার কথা বোলিং কোচ ওটিস গিবসনের। এর আগেই ঢাকায় এসে কোয়ারেন্টাইনে আছেন ট্রেনার নিক লি এবং ফিজিওথেরাপিস্ট জুলিয়ান ক্যালেফাতো। মোটামুটি জাতীয় দলের কোচরা সবাই তৈরিই আছেন। এখন তাদের করোনা পরীক্ষা করিয়েই মাঠে নামানোর ইচ্ছা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।

এমনিতে সরকারের নিয়ম হলো, বিদেশ থেকে কেউ এলে তাকে ১৪ দিনের কোয়ারেন্টাইন পালন করতে হবে। সেটা পালন করছেন লি ও ক্যালেফাতো। কিন্তু ডমিঙ্গোদের হাতে খুব বেশি সময় নেই। তারা বিমানে ওঠার আগে এক দফা করোনা পরীক্ষা করিয়ে এসেছেন। আবার এখন পরীক্ষা হবে তাদের। তাই এই দুই পরীক্ষার ফল দিয়ে কোয়ারেন্টাইনটা এড়াতে চাইছে বিসিবি।

বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী বলছিলেন, তারা সরকারের কাছে এ জন্য অনুমতি চেয়েছেন, ‘আমরা মন্ত্রণালয়ে একটা চিঠি পাঠিয়েছি। ওনারা যে নির্দেশনা দেবেন, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ওনারা বললেন, করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলে কোচরা মাঠে নামবেন।’

কোচিং স্ট্যাফের সবাই দেশেই কাজ শুরু করবেন। কেবল ক্রেইগ ম্যাকমিলান সরাসরি শ্রীলঙ্কায় যোগ দেবেন। সেখানেও তিন সপ্তাহের ক্যাম্প করবে বাংলাদেশ দল।