মৈনট-গোপালপুর ফেরিঘাট চালু করুন

আমরা দক্ষিণাঞ্চলের অধিবাসীরা দীর্ঘকাল মাওয়া (শিমুলিয়া-কাঠালবাড়ি) ফেরিঘাট হয়ে যাতায়াত করেছি। আশা ছিল ২০২১ সালের জুন মাসের মধ্যে পদ্মাসেতু চালু হবে। কিন্তু কয়েকদিন আগে মাননীয় অর্থমন্ত্রীর বক্তব্যে বোঝা গেল পদ্মাসেতু চালু হতে ২০২২ সাল লেগে যাবে। এদিকে নাব্য সংকটে এই রুটে ফেরি চলাচল বন্ধ। পাটুরিয়া-দৌলতদিয়া রুটে গাড়ির বাড়তি চাপ, তাছাড়া বরিশাল পর্যন্ত যেতে পথও ১০০ কিলোমিটার বেশি। তাই দোহার থানাধীন মৈনটঘাট ও তার বিপরীতে চরভদ্রাশন থানাধীন গোপালপুর ঘাটের মধ্যে দ্রুত ফেরি চলাচল শুরুর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। সামনে হিন্দু সম্প্রদায়ের পূজা এবং ২০২১ ও ২০২২ সাল পর্যন্ত ঈদ ও উত্সব-পার্বণে মানুষের দুর্ভোগ লাঘবে এই ফেরিঘাট চালুর বিকল্প নেই।

মতিউর রহমান পিপিএম, বীর মুক্তিযোদ্ধা,

পুলিশ সুপার (অব), বাকেরগঞ্জ, বরিশাল