সিএসই-৫০ সূচকে সমন্বয়

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই-৫০ সূচক সমন্বয় করা হয়েছে। সূচকটিতে নতুন ৯টি কোম্পানি যুক্ত হয়েছে। বিপরীতে সূচকটি থেকে বাদ পড়েছে ৯টি কোম্পানি। আগামী ২০ সেপ্টেম্বর থেকে এটি কার্যকর হবে।

সিএসই-৫০ সূচকের নতুন করে যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো—ওরিয়ন ফার্মা, কনফিডেন্স সিমেন্ট, শাহজিবাজার পাওয়ার, স্ট্যান্ডার্ড ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, বারাকা পাওয়ার, ডরিন পাওয়ার, আরএকে সিরামিকস এবং বাংলাদেশ শিপিং করপোরেশন।

অন্যদিকে সূচকটি থেকে বাদ পড়া কোম্পানিগুলো হলো—একমি ল্যাবরেটরিজ, ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক, মেঘনা পেট্রোলিয়াম, অলিম্পিক ইন্ড্রাস্টিজ, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ইউনিক হোটেল। সিএসই জানিয়েছে, সিএসই-৫০ সূচকে থাকা কোম্পানিগুলোর মূলধন বাজারের মোট নিবন্ধিত কোম্পানিগুলোর মূলধনের শতকরা প্রায় ৫৯ দশমিক ৯৫ শতাংশ। সব নিবন্ধিত কোম্পানিগুলোর ফ্রি-ফ্লোট বাজার মূলধনের শতকরা ৫৭ দশমিক ৯৮ শতাংশ।