ব্রিজ ভেঙে দুর্ভোগে ইসলামপুরের মানুষ

ইসলামপুরের গোয়ালেরচর ইউনিয়নে খালের ওপর এলজিইডি নির্মিত মোহাম্মদপুর ব্রিজটি বন্যার পানির স্রোতে ভেঙে যাওয়ায় স্থানীয়রা দুর্ভোগে পড়েছেন। এতে উপজেলা সদরের সঙ্গে গোয়ালেরচরের মহলগিরি বাজার, কাছিমা, মালমারা ও মিতালী বাজারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। জুলাইয়ের শেষ দিকে বন্যার পানির তোড়ে ব্রিজটি ভেঙে যায়।

অটোচালক সুজন, জাকির হোসেন, শরীফ ও সবুজ বলেন, ব্রিজের জন্য অটোতে যাত্রী ভাড়া নিয়ে মহলগিরি বাজার, কাছিমারচর যাওয়া যায় না। যাত্রীরা ভেঙে ভেঙে যাতায়াত করছে। অটোচালক নজরুল বলেন, প্রতিদিন ২০০ থেকে ৩০০ অটো যাওয়া আসা করে এ ব্রিজ দিয়ে। আমরা নিজেরা টাকা দিয়ে দুই পাশে বাঁশ ও কাঠ দিয়ে সংযোগ করে কোনোরকম যাওয়া আসার ব্যবস্থা করেছি। কিন্তু গত শনিবার কাঠের তক্তা কে যেন খুলে নিয়ে গেছে।

স্থানীয়রা জানান, অনেকেই বাঁশের ওপর দিয়ে পারাপার হতে গিয়ে পা ফসকে নিচে পড়ে আহত হয়েছেন। এলাকাবাসীর দাবি ব্রিজটি দ্রুত সংস্কারের। এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. আমিনুল হক জানান, এখানে বাইপাস রাস্তা হবে। টেন্ডার হয়ে গেছে।