কুষ্টিয়ায় হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন

কুষ্টিয়ার দৌলতপুর থানার একটি হত্যা মামলার রায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেকের ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জেলা দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী গতকাল সোমবার দুপুরে আদালতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মো. সজীব হোসেন (২২) ও মোছা. সীমা খাতুন (৩৮)। আদালত সূত্রে জানা যায়, আসামি সজীব হোসেন ও আসামি সীমা খাতুনের বিরুদ্ধে মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় ঘোষণা করেন।

মামলাটি রাষ্ট্রপক্ষে কৌঁসুলি অ্যাডভোকেট (পিপি) অনুপ কুমার নন্দী এবং আসামি পক্ষে পরিচালনা করেন অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম পলাশ ও আবু শাহী মো. ইলিয়াস। উল্লেখ্য, ২০১৮ সালের ২৪ জানুয়ারি জেলার দৌলতপুর উপজেলার নাহারুল ইসলামের ছেলে রনি ইসলাম সন্ধ্যা অনুমান ৭টার দিকে নিজ বড়ি থেকে বেরিয়ে সোনাইকুণ্ডি বাজারে যাওয়ার পথে নিখোঁজ হন। এ ঘটনায় পিতা মো. নাহারুল ইসলাম বাদী হয়ে দৌলতপুর থানায় এজাহার দায়ের করেন। পরবর্তী সময়ে ২০১৮ সালের ১ ফেব্রুয়ারি খবর পেয়ে দৌলতপুরের চিলমারী ইউনিয়নের উদয়নগর পদ্মা নদীর বালুচর থেকে রনি ইসলামের মৃতদেহ পুলিশ উদ্ধার করে।