টেকনাফে বিজিবি সদস্যরা সাগর উপকূলীয় এলাকা দিয়ে চালান খালাসের সময় অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছেন। এ সময় পাচারকারীরা পালিয়ে যায়। সোমবার ভোরে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের সাবরাং খুরের মুখ অস্থায়ী চেকপোস্টের বিশেষ টহল দল দক্ষিণ পাশে বড় মসজিদসংলগ্ন এলাকা দিয়ে এক ব্যক্তি সাগর হতে বস্তা মাথায় নিয়ে মেরিন ড্রাইভে আসতে দেখে দাঁড়ানোর জন্য চ্যালেঞ্জ করে। তখন বস্তাটি ফেলে ঐ লোক পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যায়। বস্তাটি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
ইয়াবাগুলো ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান।