নাগেশ্বরীতে দীর্ঘস্থায়ী বন্যার প্রভাব পড়েছে সবজির বাজারে। বিক্রি হচ্ছে অস্বাভাবিক দামে। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা।
উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি কাঁচা মরিচ ১৬০ থেকে ১৮০ টাকা, পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকা, বেগুন ৫০ থেকে ৬০ টাকা, আলু ৩৫ থেকে ৪০ টাকা, করলা ৬০ থেকে ৭০ টাকা, কাঁকরোল ৫০ থেকে ৬০ টাকা, ঢ্যাড়শ ৪০ থেকে ৫০ টাকা, পটোল ৪৫ থেকে ৫০ টাকা, শসা ৪৫ থেকে ৫০ টাকা, কচু ২৫ থেকে ৩০ টাকা এবং সব ধরনের শাক কেজিপ্রতি ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ সময় বাজার করতে আসা শিক্ষক আনিছুর রহমান স্বপন জানান, বাজারগুলোতে সব ধরনের সবজির সরবরাহ নেই। যা আছে সেগুলোর দাম বেশি। একই কথা বলেন রফিকুল ইসলাম, শহিদুল ইসলামসহ অনেকেই। সবজি বিক্রেতা আব্দুল জলিল ও তবারক হোসেন জানান, বন্যায় এ এলাকার অধিকাংশ সবজির আবাদ নষ্ট হয়ে যাওয়ায় জেলার বাইরে থেকে সবজি আনতে হচ্ছে। তাই দাম একটু বেশি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর আহমেদ মাছুম জানান, উপজেলায় আগে থেকেই সবজির চাষাবাদ কম হওয়ায় বাইরের বাজারগুলো থেকে এর জোগান আসছে। যতটুকু আবাদ হয়েছে সেটুকুও এবারের বন্যায় নষ্ট হয়ে গেছে। বর্তমানে কিছুটা বাড়তি দাম থাকলেও আবহাওয়া ভালো হলে হয়তো কমে যাবে।