নিষেধাজ্ঞার পর সুন্দরবনে জেলেদের প্রবেশ

দীর্ঘ ৬৫ দিন নিষেধাজ্ঞার পর বন বিভাগের অনুমতি সাপেক্ষে পহেলা সেপ্টেম্বর থেকে পুনরায় সুন্দরবনে প্রবেশ করছে জেলেরা। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন নদী ও খালে এখন প্রচুর পরিমাণে মাছ-কাঁকড়া পাওয়া যাচ্ছে। এতে করে সুন্দরবন উপকূলীয় পেশাদার জেলেরা অনুমতি নিয়ে সুন্দরবনে প্রবেশ শুরু করে। বুড়িগোয়ালিনী বন স্টেশন কর্মকর্তা (এসও) সুলতান আহম্মেদ জানান, এ পর্যন্ত আড়াই হাজার জেলে প্রবেশ ফি দিয়ে সুন্দরবনের ভেতর প্রবেশ করেছে। যা বিগত বছরের তুলনায় দ্বিগুণ। গাবুরার চকবারা গ্রামে জেলে ফিরোজ ও আবুল হোসেন জানান, দীর্ঘদিন পর সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণ করতে পেরে তারা আনন্দিত। জনজীবনে স্বস্তি ফিরে পেয়েছে জেলে পরিবার। সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এম এ হাসান জানান, জেলেদের নির্বিঘ্নে মাছ-কাঁকড়া আহরণের জন্য বন বিভাগের পক্ষ থেকে টহল জোরদার করা হয়েছে।