সড়ক দুর্ঘটনায় বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যানসহ চার জন নিহত

হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় যশোর জেলার বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ চার জন নিহত ও একজন আহত এবং অন্যান্য স্থানে আরো পাঁচ জন নিহত হয়েছেন। আমাদের হবিগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলার নোয়াপাড়া নামক স্থানে সোমবার বিকালে ট্রাক ও পাজেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলসহ চার জন নিহত হন। দুর্ঘটনায় আরো এক মহিলা গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি তৌফিকুল আলম জানান, বিকাল ৩টার দিকে সিলেটগামী একটি পাজেরো জিপ (ঢাকা মেট্রো ঘ-১১-২০১৫) নোয়াপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাজেরোয় থাকা দুই জন ঘটনাস্থলেই মারা যান। ফায়ার সার্ভিস কর্মীরা আহত তিন জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক আরো দুই জনকে মৃত ঘোষণা করেন। নিহত চার জনের মধ্যে তিন জনের পরিচয় জানা গেছে। তারা হলেন, বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান করিমপুর গ্রামের নাজমুল ইসলাম (কাজল), একই গ্রামের আরিফুল ইসলাম ও ঢাকার তালতলার সুমন মিয়ার মেয়ে আখি। নিহত অপর এক ব্যক্তির পরিচয় জানা যায়নি। এছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত ঢাকার তালতলার বাবুল মিয়ার মেয়ে মাগফিরাত ওরফে নৌরিন আক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের নিচে ঢুকে পড়া পাজেরো জিপ কেটে হতাহতদের উদ্ধার করেন।

যশোর অফিস জানায়, যশোরের খাজুরায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত এবং আহত হয়েছেন ট্রাকের চালক ও হেলপার। সোমবার সন্ধ্যায় যশোর-মাগুরা মহাসড়কের কেষ্টপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মোটরসাইকেল চালক যশোর শহরের বেজপাড়ার আক্তার হোসেনের ছেলে শামীম হোসেন (২৮) ও তার বন্ধু বারান্দীপাড়া মোল্লাপাড়ার রমজান আলীর ছেলে শাওন হোসেন (২৬)। শহরের আরএন রোডের নতুন বাজারে দুই জনের লাকী মোটর পার্টস নামে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আহতরা হলেন, ট্রাকচালক ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মঙ্গলসেন গ্রামের ফজলুর রহমান ও অজ্ঞাত হেলপার।

বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা জানান, সোমবার সন্ধ্যায় উপজেলার ওসমানপুর খইদাপাড়া নামক স্থানে গরু বোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে মোসলেমা খাতুন (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়। জানা যায়, বদরগঞ্জ হাটফেরত গরু বোঝাই ট্রলি উক্ত স্থানে পৌঁছালে পথচারি মোসলেমা খাতুন ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। মোসলেমা ওসমানপুর খইদাপাড়া গ্রামের মৃত আব্দুল্লাহ্র স্ত্রী।

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা জানান, মিঠাপুুকুরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে বুলু মিয়া নামে এক অটোভ্যান যাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার বিকালে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের গড়ের মাথা নামকস্থানে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত বুলু মিয়া জালাদীপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। এ ঘটনায় অল্পের জন্য বেঁচে যায় বুলুর স্ত্রী ও সন্তান। স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

এদিকে গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের গৌরীপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক সড়কে ট্রাকচাপায় মো. সেলিম নামে এক দিনমজুর নিহত হয়েছে। রবিবার সড়কের পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের শুভখাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দিনমজুর ঐ গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।