জাতীয় পার্টির প্রাসাদ রাজনীতির কারণে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে বৈবাহিক বিচ্ছেদ হয়েছিল দাবি করে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা বলেছেন, এরশাদের মৃত্যুর আগে আমি তবুও ভালো ছিলাম। মৃত্যুর পর আমাদের একমাত্র পুত্র এরিক ও তার সম্পদ লটুপাট করার জন্য এখনো ষড়যন্ত্র অব্যাহত আছে। হুমকিধমকি চলছে। গতকাল সোমবার দুপুরে রংপুরের পল্লীনিবাসে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারতের আগে বিদিশা এরশাদ সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে একথা বলেন।
এ সময় পুত্র শাহাতা জারাব এরিক এরশাদ ছাড়াও এরশাদ গঠিত জোট বিএনএ-এর সভাপতি সেকেন্দার আলী মনি, মুখপাত্র শেখ মোস্তাফিজার রহমান, মহাসচিব মো. জাহাঙ্গীর হোসেন, সমন্বয়কারী মো. আক্তার হোসেন, হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের পরিচালক ও এরিক এরশাদের লিগাল অ্যাডভাইজার অ্যাডভোকেট কাজী রুবায়েত হাসান, এন মোহাম্মদ, এরশাদ ট্রাস্টের প্রেস সচিব ও বিদিশা এরশাদের একান্ত সহকারী সচিব সায়েম সাকলায়েন রাজিব উপস্থিত ছিলেন।