টঙ্গিবাড়ী উপজেলার বেইলি ব্রিজ দিয়ে বাস চলাচল বন্ধ করে দিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর। এতে ভোগান্তিতে পড়েছেন লাখো মানুষ। ১২০ মিটার এ বেইলি ব্রিজটি দিয়ে প্রতিদিন টঙ্গিবাড়ী উপজেলার ১৩ ইউনিয়নের সাধারণ মানুষ চলাচল করে এবং ইছাপুরা, সিরাজদীখান, শ্রীনগরসহ রাজধানী ঢাকায় যাতায়াত করে। এখন ব্রিজটি দিয়ে বাস চলাচল করতে পারছে না। ইতিমধ্যে ব্রিজটি খোলার জন্য উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসকের কাছে লিখিত স্মারকলিপি দিয়েছেন বাস মালিক সমিতি ও উপজেলাবাসী।
গতকাল সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার কুণ্ডেরবাজার ইছামতী নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি দুই পাশে লোহার অ্যাঙ্গেল দিয়ে বন্ধ করে দিয়েছে মুন্সীগঞ্জ জেলা সড়ক ও জনপথ অধিদপ্তর। শুধু ইজিবাইক, মোটর সাইকেল, মিশুকসহ হালকা গাড়ি যাতায়াত করতে পারে।
একটি পরিবহনের মালিক সমিতির সভাপতি মো. আ. রহিম ভূঁইয়া জানান, ব্রিজটি দিয়ে বাস চলাচল বন্ধ থাকায় পরিবহন মালিকরা আর্থিক সমস্যায় রয়েছেন। এ সড়কে ৮০ থেকে ১০০টি বাস প্রতিদিন চলাচল করত। এর মধ্যে বেশির ভাগ বাসই বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে লোন নিয়ে ক্রয় করা। তিনি বলেন, তারা এখন গাড়ির কিস্তি পরিশোধ করতে পারছেন না।
এ বিষয়ে জেলার সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা জানান, ধারণক্ষমতা পাঁচ টন অথচ তার অধিক মালামাল নিয়ে পরিবহন চলাচল করে ব্রিজটি দিয়ে। বেইলি ব্রিজটি ঝুঁকিপূর্ণ। কোনো ভারী যানবাহন যেন চলাচল করতে না পারে, সে জন্য ব্রিজের দুই পাশে অ্যাঙ্গেল দিয়ে বন্ধ রাখা হয়েছে।