ঢাকার ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি ও বিজয় টিভির প্রতিনিধি জুলহাস উদ্দিন হত্যা মামলায় গ্রেফতার মানিকগঞ্জ সদর উপজেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেনকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। রবিবার তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান। এ বিষয়ে মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা ও যুগ্ম-আহ্বায়ক মাহাবুবুর রহমান জনি জানান, কোনো ব্যক্তির অপকর্মের দায়ভার যুবলীগ বহন করবে না। যুবলীগ কোনো অপরাধ বা অপরাধীকে সমর্থন কিংবা প্রশ্রয় দেয় না।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ধামরাইয়ের বারবাড়িয়া বাসস্ট্যান্ডে প্রকাশ্যে গলাকেটে হত্যা করা হয় সাংবাদিক জুলহাস উদ্দিনকে। এ ঘটনায় দুই অভিযুক্ত শাহিন ও মানিকগঞ্জ সদর উপজেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক মোয়াজ্জেমকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেন।