অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট ও প্রধানমন্ত্রী গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, আগামী জানুয়ারিতে করোনা প্রতিষেধকের প্রথম ব্যাচ পেতে পারে অস্ট্রেলিয়া। বর্তমানে এই প্রতিষেধকের বাস্তবায়নে অস্ট্রেলিয়া সরকার দু’টি গবেষণা দলের সঙ্গে চুক্তিবদ্ধ। এর মধ্যে আছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও আস্ট্রাজেনেকা প্রতিষ্ঠানের দল আর অন্যদিকে সিএসএল সংস্থার একটি দল, যারা কুইনসল্যান্ড বিশ্ববিদ্যালয়ে গবেষণারত। দ্বিতীয় ধাপের ক্লিনিকাল ট্রায়াল সাফল্যের সঙ্গে পেরোলে, জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের মধ্যে এই প্রতিষেধকের প্রায় ৪০ লাখ ডোজ এসে পৌঁছাবে অস্ট্রেলিয়ায়। একদিকে আস্ট্রাজেনেকা ও অন্যদিকে সিএসএল, দু’টি প্রতিষেধক সাফল্যের মুখ দেখলে অস্ট্রেলিয়ার বাজারে আনতে সরকারের মোট খরচ হবে ১২৪ কোটি মার্কিন ডলার (প্রায় ১০ হাজার ৫০০ কোটি বাংলাদেশি টাকা)। এদিকে দু’টি চীনা কোম্পানির উদ্ভাবিত সম্ভাব্য করোনার টিকার প্রদর্শনী শুরু হয়েছে বেইজিংয়ের বাণিজ্যমেলায়। চীনা ভ্যাকসিন নির্মাতা কোম্পানি সিনোভ্যাক ও সিনোফার্মের টিকার ভায়ালের প্রদর্শনী চলছে এই মেলায়। ৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বাণিজ্যমেলায় টিকার ভায়ালের প্রদর্শনী করছেন কোম্পানি দু’টির প্রতিনিধিরা। -ডয়চেভেলে ও বিবিসি